রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিচ্ছিলেন।
হঠাৎ একটি ভবনের ওপর থেকে পথসভাস্থলে ময়লা পানি নিক্ষেপ করা হয়। কিছুক্ষণ পর ডিম ছোড়া হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা কেউ আহত হননি। পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি সংক্ষিপ্ত করে তাঁরা পরীবাগ এলাকার দিকে চলে যান।
ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছিলেন।
তাঁর দাবি, যাদের স্বার্থে আঘাত লেগেছে তারাই এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপি এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশ নিচ্ছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রচার চালাচ্ছেন। এ আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির এক শীর্ষ নেতা নির্বাচনী মাঠে রয়েছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
এর আগে ঢাকা ৮ আসনের প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদীর উপরেও ময়লা পানি ছুড়ে মারা হয়েছিল।
এর কয়েকদিন পরেই তাকে গুলি করে হত্যা করা হয়।
সচেতন মহল নাসিরউদ্দিন পাটোয়ারীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :