রাজধানীতে চার ব্যান্ডকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ‘সকারামা’ কনসার্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আগামী ১৮ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কনসার্ট স্থগিতের বিষয়টি জানায় ব্যান্ড চিরকুট।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি আরও বড় পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি পর্যাপ্ত প্রস্তুতির অভাব, নিরাপত্তাজনিত বিষয় এবং রাত ৮টার মধ্যে সব সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনাও বিবেচনায় নেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই ‘সকারামা’র নতুন তারিখ ঘোষণা করা হবে।
‘সকারামা’র আয়োজক লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড।
ফুটবল ও সংগীতের মেলবন্ধনে আয়োজিত এই অনুষ্ঠানে আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া উপস্থিত থাকার কথা ছিল।
তবে কনসার্ট স্থগিত হলেও ক্যানিজিয়ার বাংলাদেশ সফরে কোনো পরিবর্তন আসেনি বলে জানা গেছে।
কনসার্টে চিরকুটের পাশাপাশি আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচারের পারফর্ম করার কথা ছিল।
ইতোমধ্যে টিকিট বিক্রির মাধ্যম টিকিফাইয়ে তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রিও শুরু হয়েছিল।
ডেস্ক / ইনসাফ নিউজ


























আপনার মতামত লিখুন :