শিরোনাম:
শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকরের প্রক্রিয়া শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী
ইনসাফ নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে
ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত মামলায়
দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই; দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ
লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায়
রাখার আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের অর্জন কোনো একক রাজনৈতিক গোষ্ঠীর নয়।
আওয়ামী লীগের দলগত বিচার প্রসঙ্গে তিনি বলেন, আইন সংশোধনের মাধ্যমে এ বিষয়ে আইনি ভিত্তি তৈরি হয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয়
জনবল ও লজিস্টিক সহায়তা বাড়ানোর কথাও জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সরকারের
নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ
টাকা এবং আহতদের শ্রেণিভেদে আর্থিক সহায়তা ও মাসিক ভাতা দেওয়া হচ্ছে।
গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
এছাড়া আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের পরিকল্পনার কথাও জানান তিনি।
আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পাশাপাশি গত সাড়ে ১৭ বছরের
আন্দোলন-সংগ্রামে নিহত, গুম ও নির্যাতিত ব্যক্তিদেরও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা উচিত।
তিনি আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে আইনমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ইতোমধ্যে একাধিক মামলার রায় হয়েছে এবং আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত অভিযুক্তরা দেশে প্রবেশ করলে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :