×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
আপিল বিভাগে মামলা ৩৯ হাজার, বিচারপতি ৪ জন

আপিল বিভাগে মামলা ৩৯ হাজার, বিচারপতি ৪ জন


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৯:১০ এএম আপিল বিভাগে মামলা ৩৯ হাজার, বিচারপতি ৪ জন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংকট প্রকট আকার ধারণ করেছে।

 

বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৩৯ হাজার হলেও কর্মরত বিচারপতি রয়েছেন মাত্র চারজন।

 

ফলে একটি বেঞ্চ দিয়েই মামলার শুনানি ও নিষ্পত্তি করতে হচ্ছে, যা মামলাজট আরও বাড়িয়ে তুলছে।


সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলা ছিল ৩৮ হাজার ৭১৩টি।

 

এর মধ্যে ১৭ হাজার ৬১টি ফৌজদারি এবং ২১ হাজার ৬৫২টি দেওয়ানি মামলা।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, গত সাড়ে তিন মাসে এ সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।


আইনজীবীরা বলছেন, বিচারপতির স্বল্পতার কারণে

গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর অনেক মামলা এবং রিভিউ আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

তারা দ্রুত নতুন বিচারপতি নিয়োগের মাধ্যমে একাধিক বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন।


এদিকে, আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানো এবং বিশেষায়িত বেঞ্চ গঠনের

দাবিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে গত বুধবার এ চিঠি পাঠানো হয়।


বর্তমানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগে দায়িত্ব

পালন করছেন বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব।

সম্প্রতি অবসরে যাওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কমে চারজনে দাঁড়িয়েছে।


সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আপিল বিভাগে শিগগিরই আরও চারজন বিচারপতি নিয়োগ দেওয়া হতে পারে।


আইনজীবীদের মতে, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বৃদ্ধি এবং একাধিক বেঞ্চ পুনর্গঠন এখন সময়ের দাবি।

ডেস্ক / ইনসাফ নিউজ

আইন-আদালত বিভাগের আরো খবর