×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০২:৩৭ পিএম বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

বসনিয়া-হ্যার্ৎসেগোভিনা থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র ক্রোয়েশিয়ায়

 

 

 

অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টার সময় ৩৬ বাংলাদেশিসহ মোট ৯৬ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ।

 

 


শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বসনিয়ার সীমান্ত পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর উত্তরাঞ্চলের বিস্ত্রিচা এলাকায় সীমান্ত অতিক্রমের চেষ্টা শনাক্ত করে দুই দফা অভিযান পরিচালনা করা হয়।

 

 

প্রথম অভিযানে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।

 

 


পরে একই এলাকায় দ্বিতীয় অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়।

 

এ দলে ছিলেন ১৩ জন বাংলাদেশি, দুইজন পাকিস্তানি এবং ১৮ জন আফগান নাগরিক।

 

 


সীমান্ত পুলিশ জানায়, অভিযানের সময় অভিবাসনপ্রত্যাশীদের ব্যবহারের জন্য প্রস্তুত রাখা দুটি নৌকা জব্দ করা হয়েছে।

 

 

একই সঙ্গে মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

 

 

 

ঘটনাটি তদন্তের জন্য বসনিয়ার বিদেশি বিষয়ক পরিষেবার বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে।

 

 


এর আগে গত ৩১ আগস্ট ক্রোয়েশিয়া-বসনিয়া সীমান্তবর্তী উনা নদীতে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত একজনের মৃত্যু হয়। ওই ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 


ক্রোয়েশিয়ার সীমান্ত পুলিশ জানায়, রাজধানী জাগরেব থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হ্রভাতস্কা কোস্টাইনিকা এলাকায় নদী থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনে উদ্ধার অভিযান শুরু করা হয়।

 

 

 

পরে একজনের মরদেহ এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন চীনা নাগরিক ছিলেন।

 

 

 

এ ঘটনায় মানবপাচারের অভিযোগে একজন বসনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

 


বিশ্লেষকদের মতে, বলকান রুট এখনও ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান পথ।

 

 

 

বসনিয়া-হ্যার্ৎসেগোভিনা হয়ে অনেকেই ক্রোয়েশিয়ায় প্রবেশ করে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করেন।

 

 

 


ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বলকান রুটে ৪ হাজার ৯০০টির বেশি অবৈধ সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।

 

 

সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে এ রুট ব্যবহার করে ১২ হাজার ৫০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ইউরোপে পৌঁছেছেন।

 

 

 

 


অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০১৪ সাল থেকে বলকান রুটে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।

ডেস্ক / ইনসাফ নিউজ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর