কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চা-কফির আড্ডার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও অশ্লীলতার অভিযোগে একটি স্থাপনা উচ্ছেদ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সামাদের ঘাট এলাকার ওই আড্ডাকেন্দ্রে গভীর রাত পর্যন্ত তরুণ-তরুণীদের আনাগোনা, উচ্চ শব্দে গান-বাজনা ও মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলত।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগের সত্যতা পেয়ে আজ বিকেলে যৌথ অভিযান চালায় প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর রহমান এবং ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন।
অভিযান চলাকালে কথিত বিনোদন কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সচেতন মহল এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে উপজেলার অন্যান্য সন্দেহভাজন আড্ডাকেন্দ্রগুলোকেও নিয়মিত নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন।
ডেস্ক / ইনসাফ নিউজ



















আপনার মতামত লিখুন :