কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থের জোগান দেওয়ার অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় বিএনপিতে যোগ দেওয়া এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আলম হাজারী দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ছোটশালঘর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে আলম হাজারী দলটির বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থের জোগান দিতেন—এমন অভিযোগে একটি নাশকতার মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর
দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নাশকতার মামলায় আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :