মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমানো এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে আগামী কয়েক বছরের মধ্যে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
একই সঙ্গে স্বাস্থ্য খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১১ অক্টোবর) জার্মানির বার্লিনে অনুষ্ঠিত এক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
‘মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্যনিরাপত্তায় দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব: সংকট থেকে সহনশীলতার পথে’ শীর্ষক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মা ও নবজাতকের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ প্রসব, জরুরি চিকিৎসার জন্য রোগীকে উপযুক্ত প্রতিষ্ঠানে পাঠানো এবং প্রসব-পরবর্তী সেবার মান উন্নয়নে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মন্ত্রী আরও বলেন, মিডওয়াইফদের পেছনে বিনিয়োগকে ব্যয় হিসেবে নয়, বরং জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
এ খাতে বিনিয়োগ বাড়ানো গেলে মা ও নবজাতকের মৃত্যুহার কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যব্যয়ও হ্রাস করা সম্ভব।
মিডওয়াইফারি শিক্ষার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিকায়নের কাজ চলছে।
পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ, সিমুলেশনভিত্তিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের মধ্যে জ্ঞান ও শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া মাতৃস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্যসেবা সম্প্রসারণে উন্নয়ন সহযোগীদের, বিশেষ করে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অবদানের প্রশংসা করেন তিনি।
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে মিডওয়াইফদের ভূমিকার কথাও তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, সংকটকালেও জীবনরক্ষাকারী মাতৃস্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে মিডওয়াইফরা সম্মুখসারিতে থেকে কাজ করছেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের জন্যও মিডওয়াইফদের দক্ষতা বৃদ্ধি এবং এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখা জরুরি।
এ বিষয়ে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।




















আপনার মতামত লিখুন :