জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের
সব সরকারি প্রশিক্ষণ কার্যক্রম ও সনদ ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে অভিন্ন সিলেবাসের ভিত্তিতে প্রশিক্ষণ এবং জাতীয় মানদণ্ড অনুযায়ী সনদ প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন
কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের চাহিদা বাড়াতেও এ প্রতিষ্ঠান কার্যকর অবদান রাখতে পারে।
তিনি উল্লেখ করেন, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যুবসমাজের দক্ষতা উন্নয়নের জন্য নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও সমন্বয়ের অভাবে অনেক ক্ষেত্রে এসব প্রশিক্ষণ ও সনদের কাঙ্ক্ষিত মূল্যায়ন নিশ্চিত হচ্ছে না।
ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা তাদের অর্জিত সনদের যথাযথ স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন।
এ পরিস্থিতি দূর করতে এনএসডিএর গভর্নিং বডিকে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত দক্ষতা উন্নয়ন কর্মসূচিগুলোকে একটি একক কাঠামোর অধীনে এনে অভিন্ন সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করতে হবে।
সভায় দক্ষতা উন্নয়ন খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে কর্মসংস্থানমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনশক্তি হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।




















আপনার মতামত লিখুন :