নেপালে ভয়াবহ বন্যার মধ্যে বাড়ির ছাদে আটকে পড়া এক কিশোরকে নাটকীয়ভাবে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।
উদ্ধারের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে চারদিক থেকে ঘেরা একটি বাড়ির ছাদে আটকে ছিল কিশোরটি।
আশপাশে পানি আর পানিই থাকায় তার বের হওয়ার কোনো পথ ছিল না।
এ সময় আকাশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার দেখতে পেয়ে নিজের অবস্থান জানানোর জন্য সে টি-শার্ট নাড়িয়ে সংকেত দিতে থাকে।
সংকেত পেয়ে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টারটি বাড়ির কাছাকাছি এসে ভাসতে থাকে।
একপর্যায়ে হেলিকপ্টারটি আরও নিচে নামলে কিশোরটি ভবনের প্রান্তে গিয়ে ল্যান্ডিং স্কিড আঁকড়ে ধরে।
পরে ভেতরে থাকা এক সেনাসদস্যের সহায়তায় নিজেকে টেনে তুলে নিরাপদে হেলিকপ্টারে ওঠে।
শ্বাসরুদ্ধকর এই উদ্ধার অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
নেটিজেনরা নেপালি পাইলট ও উদ্ধারকর্মীদের সাহসিকতা এবং দক্ষতার প্রশংসা করছেন।
অনেকেই এটিকে দুর্যোগকবলিত মানুষের জীবন রক্ষায় অসাধারণ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে।
এখনও প্রায় ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন।
গত ২৬ আগস্ট ভোতে কোশি নদী এলাকায় আকস্মিক বন্যার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :