×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
শান্তি প্রচেষ্টায় তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

শান্তি প্রচেষ্টায় তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ১১:২৮ এএম শান্তি প্রচেষ্টায় তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার (২৪ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন।

 

 

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 


রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

পাকিস্তান সরকারের একাধিক সূত্রও আসিম মুনিরের তেহরান সফরের তথ্য নিশ্চিত করেছে।

 


সফরকালে ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

বিশেষ করে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি আলোচনার অন্যতম বিষয় হতে পারে।

 


পাকিস্তানি সূত্রগুলোর মতে, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা, ট্রাম্পের নিষেধাজ্ঞা নীতি, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের সাম্প্রতিক সমঝোতা এবং ইয়েমেনের হুথি ইস্যুসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরানি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আসিম মুনির।

 


বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে।

 

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

 

 


এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন ও আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

 

 

মার্কিন কর্মকর্তারা এসব পদক্ষেপকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন।

 

 

ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানকে সহায়তা প্রদানকারী দেশগুলোর বিরুদ্ধেও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

 


অন্যদিকে হরমুজ প্রণালিতে তেল পরিবহন কার্যক্রমও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

 

 

তেহরান জানিয়েছে, অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহার করার চেষ্টা করা যেকোনো তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

 

 


বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফর আঞ্চলিক কূটনীতি ও উত্তেজনা নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডেস্ক / ইনসাফ নিউজ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর