শিরোনাম: সেপটিক ট্যাঙ্কে মিলল শিশুর মরদেহ, চাচিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে প্রায় এক
বছর আগে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু তায়েবা হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়।
এ ঘটনায় তার চাচি, এক স্কুলশিক্ষিকা, প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।
পিবিআই তদন্ত শেষে চাচি আয়েশা খাতুন, প্রতিবেশী শাহানাজ বেগম, রংমিস্ত্রি
আসিফ ব্যাপারী ও নাছিমা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।
তদন্তে জানা যায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর বিকেলে খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তায়েবা।
এরপর সে নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি চালালেও তার সন্ধান মেলেনি।
দুই দিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া যায়।
তদন্তে আরও জানা গেছে, হত্যার সময় টানাহেঁচড়ার কারণে শিশুটির শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল।
তবে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, পৈতৃক সম্পত্তি ও পারিবারিক বিরোধের পাশাপাশি কটূক্তিকে কেন্দ্র করে ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করা হয়।
তদন্তে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে এবং প্রধান অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়াধীন।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :