মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের যাবজ্জীবন কারাদণ্ড, পৃথক ধারায় অর্থদণ্ড ও অতিরিক্ত কারাদণ্ডও দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হোসেন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি পলাতক ছিলেন।
দণ্ডিতরা হলেন—
আউয়াল মিয়া, দক্ষিণ দেওগাঁও, মাধবপুর, হবিগঞ্জ
সাগর মুন্সি, সারসী এলাকা, বরিশাল সদর, বরিশাল
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ জুলাই দুপুরে সিংগাইর উপজেলার
ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহান মিয়া নিজের হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ
হয়। পরে একই দিন বিকেলে খাসেরচর-ধল্লা বাজার সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে তৎকালীন পুলিশ পরিদর্শক আবুল কালাম ২০২১ সালের ৩০ জুলাই
তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার এক কিশোর আসামির বিচার কার্যক্রম এখনো চলমান রয়েছে।
মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এফ এম নূরতাজ আলম বাহার
বলেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন।
এ রায় অপরাধ দমনে কঠোর বার্তা হিসেবে কাজ করবে।
তবে রায় ঘোষণার পর আসামিপক্ষের কোনো আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।
আদালতের আদেশ অনুযায়ী পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :