শিরোনাম:
জুনে রাজনৈতিক সহিংসতা ও মবের ঘটনায় নিহত ৪০: এইচআরএসএস
দেশে চলতি বছরের জুন মাসে রাজনৈতিক সহিংসতা ও মব (গণপিটুনি) সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
এর মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত ও ৩৪৬ জন আহত হয়েছেন।
অন্যদিকে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ৬৯ জন।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর জুন ২০২৬ মাসের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার প্রকাশিত এ প্রতিবেদন দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিংয়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯ জন নিহত ও ৩৪৬ জন আহত হন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২২টির বেশি মামলা হয়।
এসব মামলায় ৬২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় ১,২৬২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
একই সময়ে রাজনৈতিক ও অন্যান্য ঘটনায় মোট ৪,৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মব সহিংসতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ৬৩টি ঘটনায় ৩১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন।
এছাড়া স্থানীয় জনতার হামলা, আসামি ছিনতাই ও অভিযান পরিচালনার সময় ২৯টি ঘটনায় ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।
তাদের মধ্যে ১০৬ জন ধর্ষণের শিকার এবং ২৯১ শিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে ৫৪ জন নিহত হয়েছে।
এছাড়া ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও অন্তত
১১টি ঘটনায় ১১ জনকে আটক এবং সাতটি মামলা দায়েরের তথ্য তুলে ধরা হয়েছে।
শ্রমিক অধিকার, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, সীমান্তে সহিংসতা এবং বিচারবহির্ভূত মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এইচআরএসএস।
সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন এবং মতপ্রকাশের স্বাধীনতায়
হস্তক্ষেপ দেশের মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।
মানবাধিকার সুরক্ষায় কার্যকর ও জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :