উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি বরকত’। এতে থাকা ১৩ জন জেলের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, পাথরঘাটার আশরাফ কোম্পানির মালিকানাধীন ট্রলারটি তিন দিন আগে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়।
সোমবার বিকেলে সাগরে হঠাৎ বৈরী আবহাওয়া ও তীব্র ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
দুর্ঘটনার পর কাছাকাছি অবস্থান করা অন্য মাছ ধরার ট্রলারের জেলেরা বিষয়টি মালিকপক্ষকে জানান।
পরে আশপাশের ট্রলারের সহায়তায় সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে বাকি ৫ জেলের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ট্রলার মালিক সমিতির উদ্যোগে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে আশপাশের এলাকায় অনুসন্ধান জোরদার করা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :