×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Active News 24
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, ভাংচুর

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, ভাংচুর


ইনসাফ নিউজ | কাকলী আক্তার কেয়া প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:৪৭ পিএম যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, ভাংচুর


যশোর-৪ আসনের সংসদ

সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ সময় তার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জেরে মঙ্গলবার সকালে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামের এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, এ ঘটনায় রেক্সনা মাথায় আঘাত পান।


স্থানীয় সূত্র জানায়, আগের রাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও সকালে মাদ্রাসা খোলার পর সেটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

এরপর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সকাল ১০টার দিকে তারা এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।


বিক্ষোভকারীরা মাদ্রাসা বন্ধের হুমকির প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে তারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে এমপি ও তার মেয়ের অসদাচরণের অভিযোগও তোলেন।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি শান্ত করতে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাকে মারধর করে।

পরে উত্তেজনা আরও বাড়লে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন এবং এমপি ও তার মেয়ের বিচারের দাবি জানান।


তবে অভিযোগ অস্বীকার করেছেন গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা।

 

তিনি বলেন, তাদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন।

তার দাবি, মাদ্রাসা বন্ধ থাকার পরও কিছু শিশু সেখানে এসে বিশৃঙ্খলা করছিল।

 

এ বিষয়ে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হচ্ছে এবং তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।


খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি

স্বাভাবিক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।


ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডেস্ক / ইনসাফ নিউজ

অর্থনীতি বিভাগের আরো খবর