যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি দুর্গম সামরিক রাডারকেন্দ্রের কাছে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার কেন্দ্রের বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজ থেকে উড্ডয়ন করেছিল।
দুর্ঘটনাস্থলটি অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৭২৫ কিলোমিটার দূরে। বিমানটিতে ছয়জন যাত্রী ও দুজন পাইলট ছিলেন।
দুর্ঘটনাকবলিত বিমানটি সেসনা ৪৪১ মডেলের।
এটি অ্যাঙ্কোরেজভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি অ্যাভিয়েশন পরিচালনা করত।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স ও রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।
আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি জানান, আলাস্কার বিভিন্ন দুর্গম এলাকায় যাতায়াতের সময় তিনি সিকিউরিটি অ্যাভিয়েশনের বিমানে ভ্রমণ করেছেন এবং প্রতিষ্ঠানটির অভিজ্ঞ পাইলটদের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে।
আলাস্কান নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল ও একাদশ এয়ার
ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেন, নিহতরা কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ মিশন পরিচালনায় নিয়োজিত ছিলেন।
তাঁদের মৃত্যু সামরিক পরিবার ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য হৃদয়বিদারক ক্ষতি।
ডেস্ক / ইনসাফ নিউজ

























আপনার মতামত লিখুন :